প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৪:১৭ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩ ১৪:৫৩ পিএম
আফগানিস্তান সিরিজ সামনে রেখে ঈদের ছুটিতে যাওয়ার আগে মিরপুরে আজ শেষবারের মতো অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে প্রাথমিক লক্ষ্যটা আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি হলেও মূল লক্ষ্যটা এশিয়া কাপ ও বিশ্বকাপ। তার অংশ হিসেবেই স্কোয়াডের বাইরের অনেক ক্রিকেটারকে ডাকা হয়েছে এ অনুশীলন ক্যাম্পে। সেখানে রয়েছেন সৌম্য সরকার। অনুশীলনে তার অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস।
সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ছিলেন সৌম্য। সেখানে পারফর্ম করতে না পারায় বাদ পড়েন। এরপর ঘরোয়া ক্রিকেটেও খুব একটা আলো কাড়তে পারেননি সৌম্য। তবে ফের নতুন করে তাকে জাতীয় দলের জন্য ভাবছেন প্রধান কোচ হাথুরুসিংহে। তার অধীনেই ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সৌম্যের।
কোন বিবেচনায় সৌম্যকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা—এমন প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘আমি নিশ্চিত নই। অনেক দিন আগে আমি তাকে টিভিতে সেরা অবস্থায় দেখেছি। আমাদের জন্য এখন এটি একটি পর্যবেক্ষণের সময়। আমরা চাই সে মানসিকভাবে ভালো থাকুক এবং খেলুক। কারণ আমরা জানি সে খুব ভালো ক্রিকেটার। আমি তাকে নেটে মাত্র তিনবার দেখেছি। কাজেই তার সম্পর্কে মতামত দেওয়ার জন্য এটি যথেষ্ট সময় নয়। আমাকে আরও সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে।’
বাংলাদেশ দল এর আগে ব্যাটিং লাইনআপের বিভিন্ন পজিশনে সৌম্যকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছে। নতুন করে কোন পজিশনের জন্য ভাবা হচ্ছে সৌম্যকে—এমন প্রশ্নের উত্তরে পোথাস বলেন, ‘সে এর আগে বেশিরভাগ সময় টপ অর্ডারে ব্যাট করেছে। তবে এটি প্রধান কোচের সঙ্গে কথা বলে দেখতে হবে; যা আমরা এখনও করিনি। এ মুহূর্তে আমরা কেবল তাকে পর্যবেক্ষণ করছি। আমি মনে করি সে উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে আবার খেলার সুযোগ পাবে। কিন্তু ব্যাটারদের জন্য, আসল হলো রান। আপনি দেখতে কেমন বা কে কী করতে পারে তা অপ্রাসঙ্গিক। এটি আপনাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসে। কিন্তু যে বিষয়টা আপনাকে দলে নিয়ে যায় তা হলো রান।’
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৫ জুলাই দুপুর ২টায়। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচ দুটি হবে ১৪ ও ১৬ জুলাই।